প্রতি কেজি ইলিশ মাছের সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান।
নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ, ইলিশ মাছের অবৈধ পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধির কারণে বা জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনা করে ভারত-বাংলাদেশের যৌথভাবে একই সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা, এবং বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ক্ষেত্রে অভ্যন্তরীণ বাজারমূল্যের চেয়ে কম দামে রপ্তানি না করার নিশ্চয়তা প্রদান করতে হবে।
অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। তবে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে পদ্মা ও মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

