ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিটের মধ্যে ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
বর্তমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে অবস্থান করছেন। আসার সময় হাতে সময় কম থাকায় জামাকাপড় ও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যেতে পারেননি।
দিল্লির একটি সূত্র থেকে জানা যায়, হাসিনা গাজিয়াবাদের একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। জামাকাপড়সহ অন্যান্য জিনিসের জন্য তিনি মোট ৩০ হাজার টাকার কেনাকাটা করেন। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে গিয়ে কিছু টাকা কম পড়ে এবং শেষ পর্যন্ত বাংলাদেশি মুদ্রা দিয়ে বাকি পরিশোধ করেন।
৫ আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতে রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন, তা নিয়ে আলোচনা চলছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরবেন। তবে ৫ আগস্টের তিন দিন পরই তার সহযোগীরা ভারত ছেড়ে চলে গেছেন, তাদের অবস্থান এখন অজানা।
শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক এবং তার কন্যা টিউলিপ সেখানে মন্ত্রী। তবে ব্রিটেনের অভিবাসন আইনের কারণে হাসিনা সেখানে পা রাখতে পারছেন না। ভারতে কত দিন থাকবেন, তা নিয়েও আলোচনা চলছে। দিল্লির পক্ষ থেকে রাশিয়া, বেলারুশ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু জয় জানিয়েছেন, হাসিনা বাংলাদেশেই ফিরবেন।

