গণঅভ্যুত্থানে শহিদদের প্রত্যেক পরিবারের জন্য এককালীন ৫ লাখ টাকা এবং আহতদের জন্য প্রাথমিকভাবে সর্বোচ্চ ১ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, চলতি সপ্তাহ থেকেই ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে ১০০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে, যা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, ফাউন্ডেশনের জন্য একটি সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এর নিবন্ধনও সম্পন্ন হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ওয়াকার আহমেদ।
এছাড়া, উপদেষ্টাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

