সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের মুখ। দেশের ক্রিকেট রেকর্ড বইয়ে তাঁর নাম একাধিক ক্ষেত্রে দেখা যায়। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে তিনি নতুন এক কীর্তি স্থাপন করেছেন—বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছেন।
এর আগে এই রেকর্ড ছিল সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টের শেষ দিন রফিকের বয়স ছিল ৩৭ বছর ১৮০ দিন। সাকিব এই টেস্টের তৃতীয় দিনে মাঠে নামলেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে।
টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে মাঠে নামার রেকর্ডটি উইলফ্রেড রোডের। ১৯৩০ সালে ইংলিশ ব্যাটার রোড যখন তার শেষ টেস্ট খেলেন, তখন তার বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন। টেস্ট ইতিহাসে দীর্ঘতম ক্যারিয়ারও তাঁর—৩০ বছর ধরে লাল বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সাকিবের নতুন রেকর্ডের দিনে বাংলাদেশ চাপে রয়েছে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৪০০ রানেরও বেশি হয়ে গেছে। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়েছে ১৪৯ রানে।
প্রথম ইনিংসে সাকিব বল হাতে ছিলেন নিষ্প্রভ। তিনি ৮ ওভার করে ৫০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতেও রিভার্স সুইপ খেলে ৩২ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ ওভার বল করে ২০ রান খরচা করলেও এখনও উইকেট পাননি।

