সজীব ওয়াজেদ জয় এর মামলায় আত্মসমর্পণের পরে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ

mahmud
0

 



সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত "আমার দেশ" পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন মাহমুদুর রহমান। তার আইনজীবীরা আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তাকে কারাগারে ডিভিশন দেওয়ারও আদেশ দেন।


মাহমুদুর রহমানের বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় ২০২২ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই মামলায় মাহমুদুর রহমানসহ সাংবাদিক শফিক রেহমান এবং জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়াকে দুইটি পৃথক ধারায় দণ্ড দেওয়া হয়।


আদালত আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়া ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপির শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে মিলিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান মামলা দায়ের করেন। মামলায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ, যেখানে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন।


মাহমুদুর রহমান ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফিরে সাংবাদিকদের বলেন, "এই আমলে ৫ মাস কারাগারে থাকার কোনো আপত্তি নেই। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু এখনও জেলে থাকার মতো মানসিক ও শারীরিক শক্তি আছে। আইন তার রাস্তায় চলুক, আমাকে আমার মতো লড়াই করতে দিন।"

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top