নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গত চার আসরের হতাশা ঘোচানোর প্রত্যয় ঝরেছিল বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে সেই আশার বাতি আরও একটু জ্বেলে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। এ ছাড়া, ওপেনার সাথী রানী ২৯ এবং অধিনায়ক নিগার সুলতানা করেন ১৮ রান।
স্কটিশদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাস্কিয়া হরলি। এ ছাড়া, একটি করে উইকেট নেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথরিন ফ্র্যাজার।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ডের মেয়েরা।
ম্যাচের পর রাতে দলের টিম হোটেলে আয়োজন করা হয়েছিল অধিনায়ক নিগারের শততম ম্যাচ, নাহিদার শততম উইকেট ও তাজ নেহারের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠান। নিগার ও নাহিদার হাতে মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে। আর তাজ নেহারের জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক।
এক শতম ম্যাচ খেলা নিগার তাঁর ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি এত দূর আসব। আর আজকের দিনে ১০০তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে।’
