স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার এবং সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের এবং ২৫তম ব্যাচের রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, বাংলাদেশ আজ নবজাগরণের পথে এগিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুর্নীতির কারণে জনগণের আস্থা হারিয়েছে, যার ফলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে। এই আন্দোলনে বহু তরুণ আত্মাহুতি দিয়েছেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা এবং ন্যায্যতার ভিত্তিতে কাজ করার জন্য।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর যখন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে শূন্য হয়ে গিয়েছিল, তখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করেছে। বিশেষত, আনসার গার্ড ব্যাটালিয়ন ডিএমপির থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় ভূমিকা রেখেছে।
উপদেষ্টা আরও বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ভিডিপি সদস্যরা বাধারূপে দাঁড়িয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ভিডিপি সদস্যরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করেন।

