দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দেখে কিছুটা কি আক্ষেপ করছেন বাংলাদেশের ব্যাটাররা? টেস্ট ক্রিকেটের নিয়মে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিং কন্ডিশন কিছুটা কঠিন হওয়ারই কথা। কিন্তু, চেন্নাইয়ে বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনেই যেন অপেক্ষাকৃত ভালো করেছেন। আগের ইনিংসে জাসপ্রিত বুমরাহর সেটআপে ফিরে গিয়েছিলেন সাদমান ইসলাম।
তবে এবারে সাদমান এবং জাকির হোসেনই যেন শুরু থেকে এগিয়ে দিলেন পজেটিভ ব্যাটিং নিয়ে। দুজনের ৬২ রানের জুটি রীতিমতো নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়। নাজমুল হাসান শান্ত অধিনায়ক হওয়ার পর থেকে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন এক ফিফটি। ১০ ইনিংস পর টেস্টে ৫০ আজ পেরুলেন তিনিও। দিনটা বাংলাদেশ শেষ করেছে ৪ উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে রান ১৫৮।
এখান থেকে ম্যাচ জয়ের আশা বাংলাদেশের জন্য শুধু স্বপ্নই মাত্র। তাই বাংলাদেশের টার্গেট এখন লজ্জার হাত থেকে রক্ষা পাওয়া। বাংলাদেশের নতুন টার্গেট থাকবে ৩০৭ রান। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করতে পারলে বাংলাদেশ ম্যাচ হারবে ২০৭ রানের ব্যবধানে। রানের হিসেবে ভারতের কাছে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের হার ছিল ২০৮ রানে। ৩০৭ পেরুলে সেই লজ্জা অন্তত পেরুতে পারবে টাইগাররা।

