২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আড়াই বছরের চুক্তি ছিল তাঁর। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও ইন্টার মায়ামির সঙ্গে কথা বলেননি মেসি। তিনি মায়ামি ছাড়তে পারেন। ফিরতে পারেন আর্জেন্টিনায়।২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিয়োনেল মেসির। আমেরিকায় হয়তো আর এক মওসুম খেলবেন তিনি। তার পরে মেজর সকার লিগ ছাড়তে পারেন মেসি। ডেভিড বেকহ্যামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি?
মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শকের সংখ্যাও বেড়েছে। বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদেরও লাভ বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি আমেরিকা ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই ডেভিড বেকহ্যামের ক্লাব মেসির সঙ্গে চুক্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
