সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের অসন্তোষ সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিতে নিয়োজিত অনেকেই নানা কারণে বঞ্চনার শিকার হয়েছেন। তারা পদবঞ্চনা ও পদোন্নতিবঞ্চনার পাশাপাশি সরকারি চাকরির বিভিন্ন দাবি করেছেন।
কমিশনটি সবকিছু পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে, এবং সরকার নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই সুপারিশগুলো বিবেচনা করবে।
জানা গেছে, এই কমিশনের কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় হবে। বিষয়টি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়, এবং পরে আবদুল মুয়ীদ চৌধুরী কমিশনের প্রধান হতে রাজি হন। তিনি ইতিমধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

