বিগত চার বছরে ইলিশ গেছে ৫৫৪১ টন,আর মাত্র দুই মাসেই পাঠাচ্ছে ৩০০০ টন!যদিও বিশ্লেষকেরা মনে করছেন উপহার নয় বরং বাণিজ্যিক ও কুটনৈতিক সম্পর্ক ঠিক রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ।
শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ–বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। কিন্তু দেড় মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসেছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলি পালন সাপেক্ষে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
অথচ কয়েক দিন আগে এই উপদেষ্টা বিবিসিকে বলেন, ‘অনেক মাছ এখনো বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না।’

