ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের তীব্র মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি পাকিস্তানকে সতর্ক করে সন্ত্রাসবাদে জড়িত থাকার দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে আসছে।
জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন এক বিবৃতিতে বলেন, "পাকিস্তান সন্ত্রাসীদের সমর্থন দিয়ে নিজেদের অবনতি ডেকে আনছে।" এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘের অধিবেশনে ভারতের ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সমালোচনা করলে ভারত এর তীব্র প্রতিবাদ জানায়। ভাবিকা বলেন, "পাকিস্তান এমন একটি রাষ্ট্র, যা সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয় এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে। এমন একটি দেশ কীভাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সমালোচনা করার সাহস পায়?"
তিনি আরও বলেন, "পাকিস্তানের আসল চেহারা সবাই জানে। ২০০১ সালে ভারতীয় সংসদে হামলা এবং ২০০৮ সালে মুম্বাই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি বিশ্ববাসী জানে।"
ভাবিকা মঙ্গলানন্দন আরও বলেন, "পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস এবং বৈশ্বিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অজানা নয়। তাদের মিথ্যা প্রচারের পুনরাবৃত্তি কোনো পরিবর্তন আনবে না। আমাদের অবস্থান পরিষ্কার, কোনো ব্যাখ্যার দরকার নেই।"
এর আগে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, "নয়াদিল্লি আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে। পাকিস্তান যেকোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।"

