আদর্শ
মানলে মুশফিকুর রহিমকে টেস্টে আদর্শ মানতে বলছেন তামিম ইকবাল।
বৃষ্টির
বাগড়ায় কানপুরে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে
আজ দ্বিতীয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে
এখন পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। ড্রেসিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করে হোটেলে ফিরে
গেছে দুদল।
এসবের
মাঝেই লাইভ ব্রডকাস্টের সরাসরি ধারাভাষ্যে এসেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে
বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেন তিনি। সাবেক এ ওপেনারের মতে, সাকিব
বা তিনি নন, আদর্শ মানলে মুশফিককেই মানা উচিত।
সাকিবের
চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম। এগিয়ে রেখেছেন নিজের চেয়েও। ব্যাখ্যায়
এই ওপেনার টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকের নিবেদন ও পরিশ্রমের কথা বলেছেন, ‘আমার কথা
বলতে পারেন, সাকিবের কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি (টেস্টে) কাউকে আদর্শ মানতে
চান, আমি দৃঢ়ভাবে মনে করি, সেটা হওয়া উচিত মুশফিককে।’
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন মুশফিক। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ ৫৯১৯ রান করেছেন মুশফিক। অন্যদিকে এ তালিকার দুইয়ে থাকা তামিম ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন।