বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা পেতে সমস্যার সম্মুখীন হলে বা সেবার বিষয়ে কোনো অসুবিধায় পড়লে, তা সুপ্রিম কোর্টকে জানাতে পারবেন। এ উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট একটি হেল্পলাইন চালু করেছে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই হেল্পলাইনের মাধ্যমে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সরাসরি সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ নম্বরে যোগাযোগ করে সেবা পেতে যেকোনো সমস্যার বিষয়ে পরামর্শ নিতে পারবেন। একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। হেল্পলাইনটি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে, তবে সরকারি ছুটির দিনে এটি বন্ধ থাকবে।
গত ১৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে ১২ দফা নির্দেশনা দেন, যার মধ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজীকরণ, পেশাগত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে বিচারপ্রার্থীদের সুবিধার্থে এই হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

