বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারে, তবে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।
সাহেবগঞ্জ জেলায় “পরিবর্তন যাত্রা” নামক এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ জানান, রাজ্যের প্রত্যেক গ্রামে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই পরিবর্তন যাত্রা চলবে, যার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে।
এ সময় তিনি জনতার প্রতি বিজেপিকে সরকার গঠনে সহায়তার আহ্বান জানান এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা জেলায় উপজাতি জনগণের সংখ্যা কমে যাওয়ার পেছনে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যার ভূমিকা রয়েছে।
অমিত শাহ মন্তব্য করেন, "এই জমি আদিবাসীদের। তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। অনুপ্রবেশকারীরা বিভিন্ন রাজনৈতিক দলের ভোট ব্যাংক, ফলে সরকার জনকল্যাণের পরিবর্তে তাদের কল্যাণে কাজ করছে।"
তিনি অভিযোগ করেন, রাজ্যের পাকুর জেলায় "হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে" স্লোগান শোনা যাচ্ছে। এছাড়া, হেমন্ত সরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে চিহ্নিত করেন অমিত শাহ।
রাজ্যসভার কংগ্রেস দলের সদস্য ধীরাজ সাহুর বাসভবনে পাওয়া সাড়ে ৩০০ কোটি রুপি নিয়ে জনগণের কাছে প্রশ্ন তোলেন অমিত শাহ। তিনি বলেন, "এটি মদের টাকা নয়; এটি রাজ্যের দরিদ্র জনগণের টাকা।"

